তরুণদের অবসরে কর্মময় থাকার আহ্বান জানালেন আইসিটি প্রতিমন্ত্রী
কর্মময় জীবন সবসময়ই আনন্দের। তাই তরুণদের অবসরকে কর্মময় থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমে পলক। তিনি বলেছেন, এর মাধ্যমে শরীর ও মন সুস্থ্য থাকবে এবং যেকেনো কাজে সফলতা মিলবে।
শনিবার নাটরের সিংড়ার গোল ই আফরোজ সরকারি অনার্স কলেজে ‘সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প এবং চাকুরি উৎসব-২০২৩’ এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, সিংড়ায় ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ হাজার শিক্ষার্থী রয়েছে যা মালদ্বীপ দেশের চেয়ে বিশি। তাই মেলায় অংশগ্রহণকারীদের চিন্তায় বড় হয়ে সরকারের ‘প্রশিক্ষণ, প্রযুক্তি ও পুঁজি’ কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ” ভিশন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য।
হাসান বেনাউলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণরা। এজন্য প্রত্যেককে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথ বেছে নিতে হবে। আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তি এ দুটি কে কাজে লাগিয়ে আইসিটি খাতে গত ১৪ বছরে ২০ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সরকার ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেই লক্ষ্যে শিক্ষিত তরুণদের ফ্রিল্যান্সিংসহ আইটি পেশা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ৩৮২ টি স্টাটআপ কে ১০লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আমরা হার প্রকল্পের মাধ্যমে দেশের ৪৩টি জেলায় ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করব।
‘প্রশিক্ষণ, প্রযুক্তি ও পূঁজি’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইসিটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন, বাংলাদেশ হাই-টেক পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম,ইডিজিই প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান, ডিইআইইডি প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ শরীফ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, গোল-ই- আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আগামী ৬ মাসে প্রশিক্ষণ দিয়ে সিংড়া থেকে ৬০০ জন ফ্রিল্যান্সার সৃষ্টি করে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি দেন ফ্লিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিইও খায়রুল আলম। এসময় গোল্ডেন হার্ভেস্ট এর পক্ষ থেকে ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রাথমিক নিয়োগ পত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।
সূত্রমতে, সমাপনী দিনের অনুষ্ঠানকে ৫ টি সেশনে ভাগ করা হয়। প্রথম সেশন ‘স্মার্ট ক্যারিয়ার ফর স্মার্ট সিংড়া’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ মেহেদী হাসান, ওয়াহিদ শরীফ, উদ্ভাবক শিবলী সাদিক, গোল্ডেন হার্ভেস্ট এর প্রশিক্ষক গৌরাঙ্গ কুমার মন্ডল, উই এর সদস্য আফসানা ইয়াসমিন। এরপর ‘ইনোভেশন অ্যান্ড ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন ড. খন্দকার আজিজুল ইসলাম,’ বাক্কোর মহাসচিব তৌহিদ হোসেন, ইকবাল বাহার জাহিদ এবং কোডার ট্রাস্ট বিডি এর আবাসিক প্রতিনিধি মো. আতাউল গনি ওসমানি এবং ‘আপ স্কিলিং ফ্রম অ্যানিহোয়ার’ শীর্ষক আলোচনায় পঞ্চগড়ের দয়াল চন্দ্র বর্মন ও নগদের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলাইমান সুখন।
চাকুরি উৎসব-২০২৩ এ কোডার ট্রাস্ট, নকরেক আইটি, বিএফডিএস, চালডাল ডটকমসহ ২৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠান ৩৬৪১টি চাকুরির আবেদন ও জীবন বৃত্তান্ত জমা পড়ে। জীবন বৃত্তান্ত পরীক্ষা করে ১৩০০ জনের সাক্ষাৎকার নিয়ে শতাধিকের হাতে প্রাথমিক নিয়োগ পত্র দেয়া হয়।







